নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ

 নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ











 নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের (শাসনকাল ১৩৮৯ - ১৪১০ খ্রীস্টাব্দ) কবরের পাশে একটি কবরই আছে, সেটি তার কোনো পরিবারের সদস্যদের নয়, এটা কাজী সিরাজউদ্দিনের কবর।


বাংলার শাসকদের মধ্যে ন্যায়পরায়ণতা সব সময়ই ছিল উল্লেখযোগ্য। অনেক শাসকই এখানে খুব সাধারণ জীবন যাপন করে গিয়েছেন। বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ একবার তীর ছুঁড়তে গেলে তা লক্ষ্যে না পৌঁছে গিয়ে লাগে এক যুবকের গায়ে। সুলতান তা জানতেন না। তীরবিদ্ধ যুবকের বৃদ্ধা মা বিষয়টি সেখানকার প্রধান কাজী বা প্রধান বিচারকের কাছে অভিযোগ করেন। দেশে তখন কঠোর ন্যায়পরায়ণতা বজায় ছিল। কোনো ব্যক্তি অপরাধ করলে তিনি যতোই ক্ষমতাধর হোন না কেন তার বিরুদ্ধে কাজীর দরবারে অভিযোগ করার মতো পরিস্থিতি তখন বাংলায় প্রচলিত ছিল।


অভিযোগ পেয়ে কাজী সিরাজউদ্দিন অন্যান্য আসামীর মতোই ডেকে পাঠান সুলতানকে। কাজী সাহেবের পেয়াদা সুলতানের দরবারে আসেন এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান। অভিযুক্ত সুলতানকে পেয়াদা এটাও জানিয়ে দেন যে এখনই তার সঙ্গে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হতে হবে।


সুলতান সব শুনে পেয়াদার সঙ্গে রওনা হন। তিনি যখন কাজীর দরবারে হাজির হলেন তাকে আর দশজনের মতোই নিয়ম মানতে হলো। কাজীর বিচারালয়ে আসামীর কাঠগড়ায় দাঁড়ান সুলতান। কোনো দেশের ক্ষমতাসীন শাসক সেই দেশের আসামীর কাঠগড়ায় দাঁড়ানোর নজির খুব বিরল। কাজী সুলতানের বিরুদ্ধে আনা বৃদ্ধার অভিযোগের পুরো বিষয়টি তুলে ধরলেন। সুলতান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বৃদ্ধাকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব করেন। কাজী জানতে চান অভিযোগকারী বৃদ্ধা এতে সন্তুষ্ট কি না? বৃদ্ধা তার সম্মতি প্রকাশ করেন। ক্ষতিপূরণ নিয়ে বৃদ্ধা খুশি হয়ে ফিরে যান।

বিচারের কাজ শেষ করে কাজী সিরাজউদ্দিন তার আসন থেকে দাঁড়িয়ে সুলতানকে সম্মান প্রদর্শন করেন। এ সময় সুলতানও সন্তুষ্টি প্রকাশ করেন। এক পর্যায়ে সুলতান তার কাপড়ের নিচে রাখা তলোয়ার বের করেন। তিনি কাজীকে উদ্দেশ্য করে তলোয়ার দেখিয়ে বলেন যদি তিনি ন্যায় বিচার না করে সুলতানের প্রতি পক্ষপাতিত্ব করতেন তাহলে তলোয়ারের এক কোপে কোপে কাজীর মুণ্ডু ফেলে দিতেন!


স্বাধীন কাজী নিজেও কম যান না! তিনিও তার কাছে রাখা একটি বেত বের করে সুলতানকে দেখিয়ে বলেন, ‘আপনি আমার বিচার না মানলে এই বেত পেটা করতাম!’

এরপর সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ আনন্দে কাজীকে আলিঙ্গন করেন। 


#(ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস)

Post a Comment